রংপুরের পীরগাছায় পরকীয়ার কারণে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন মইনুদ্দীন নামে এক ব্যক্তি। আজ শুক্রবার (৩ জুন) ভোর ৪টার দিকে পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের খামার নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আয়শা বেগম (৩৫) ওই গ্রামের আজিজুল হকের মেয়ে। খুনের দায় স্বীকার করা মইনুদ্দীন ঠাকুরগাঁও জেলার বশির উদ্দিনের ছেলে।


তিনি শ্বশুরবাড়ির পাশে পরিবারসহ বসবাস করে আসছেন।
বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ জানান, সকাল ৭টার দিকে থানায় এসে স্ত্রীকে খুনের কথা জানিয়ে আত্মসমর্পণ করেন  মইনুদ্দীন নামে এক ব্যক্তি। তাৎক্ষণিকভাবে খোঁজ নিয়ে জানা যায়, তার স্ত্রী দুই সন্তানের জননী আয়শা বেগম খুন হয়েছেন। তাই তাকে আটক করা হয়। এ সময় তিনি স্ত্রীকে হত্যার কারণে সর্বোচ্চ শাস্তি ভোগ করতে রাজি বলেও থানা পুলিশকে জানান।

স্থানীয়রা জানান, মইনুদ্দীন ও তার স্ত্রীর মধ্যে রাত থেকেই কথা-কাটাকাটি চলছিল। একপর্যায়ে ভোররাতে কুড়াল ও শাবল দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন মইনুদ্দীন। সকালে খুনের বিষয়টি জানাজানি হয়। এরই মধ্যে থানায় গিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন মইনুদ্দীন।

পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র বলেন, ওই গৃহবধূ পরকীয়ার কারণে খুন হয়েছেন নাকি অন্য কারণে, তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১৭


সূত্র : কালের কণ্ঠ