আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’র প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) বেলা আড়ইটার দিকে বিক্ষোভ মিছিল ও বিকাল ৩টায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃষ্টিকে উপেক্ষা করে দলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
দুপুর থেকে সিলেট মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নগরীর রেজিস্টারি মাঠে জড়ো হন। বেলা আড়াইটার দিকে রেজিস্টারি মাঠ থেকে একটি বিশাল মিছিল বের করে সিলেট মহানগর আওয়ামী লীগ। তাদের যোগ দেয় সিলেট মহানগর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ ও তাঁতী লীগ। মিছিলটি সিলেট নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদমিনারে বিক্ষোভ সমাবেশে এসে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পদ্মা সেতু মানে বাংলাদেশের বিশাল সফলতা। দেশের টাকায় বড় বাজেটের পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ছাড়া এ দেশকে চিন্তাই করা যায় না।
বক্তারা আরও বলেন, আজ মহানগর আওয়ামী লীগের ডাকে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দিয়ে এটাই প্রমাণ করেছেন- সিলেটের মাটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘাঁটি, সিলেটের মাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘাঁটি।
সমাবেশ শেষ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




