মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন এবং মিছিল করেছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১১ই জুন) সাড়ে ১২টায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে ঘটনার তীব্র নিন্দা জানান।
ইইই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ জুনায়েদ বলেন, "বিশ্বনবী মুহাম্মদ(সা.) এবং মা আয়েশা (রা.) এর শানে কটূক্তির প্রতিবাদে আমাদের আজকের মানববন্ধন। ভবিষ্যতে যদি আবারো আমাদের নবীর শানে কেউ কটূক্তি করে, সবাই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করবেন। আমরা সবাই ইসলামী জ্ঞান অর্জনের চেষ্টা করবো যেন কাফেরদের সব অপপ্রচারের জবাব দিতে পারি।"
উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মুল মুমিনীন আয়েশা (রা.) সম্পর্কে চরম অবমাননাকর বক্তব্য দেন নুপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়ে ভারতকে বয়কট করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮




