সিলেটের তিন উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিয়ানীবাজার পৌরসভা, গোলাপগঞ্জে উপজেলা পরিষদ ও জকিগঞ্জের সুলতানপুর ও কাজলসার ইউনিয়ন পরিষদে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে বৃষ্টির কারণে বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম। এর মধ্যে গোলাপগঞ্জ পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ চলছে।
সিলেটের এই তিন উপজেলা ছাড়াও জৈন্তাপুরের একটি ইউনিয়নের ১টি ওয়ার্ডে এবং সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সদর ও উত্তর ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোট দেবেন ১০২ টি কেন্দ্রে ৬২৫টি বুথে ২ লক্ষ ৪০ হাজার ১০০ জন । এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৮ হাজার ৩ জন এবং পুরুষ ভোটার হাজার ১ লক্ষ ২২ হাজার ৯৭ জন। গত ১৯ ফেব্রুয়ারি উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে পদটি শূন্য হয়। এ নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বি দুইজন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী মঞ্জুর কাদির শাফি এলিম চৌধুরী ও দলের বিদ্রোহী সাবেক ছাত্রনেতা ঘোড়া প্রতীকের ভিপি শফিক উদ্দিন।
সিলেটের বিয়ানীবাজার পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৭৯৩ জন ভোটার। পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। এটি এই পৌরসভার দ্বিতীয় নির্বাচন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০ কেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন।
নির্বাচনে ১০ মেয়র প্রার্থীর মধ্যে তিনজন দলীয় এবং সাতজন স্বতন্ত্র নির্বাচন করছেন। আওয়ামী লীগের দলীয় প্রার্থী আব্দুস শুকুর দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টির সুনাম উদ্দিন দলীয় প্রতীক লাঙ্গল এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির এড. আবুল কাশেম দলীয় প্রতীক কাঁচি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া সাত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে জিএস ফারুকুল হক চামচ, আব্দুল কুদ্দুছ টিটু হেলমেট, সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেন জগ, আহবাব হোসেন সাজু কম্পিউটার, আব্দুস সামাদ আজাদ হেংগার, আব্দুস সবুর মোবাইল ফোন এবং অজি উদ্দিন তাল গাছ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সিলেটের জকিগঞ্জে বাতিল হওয়া সুলতানপুর ও কাজলসার ইউপিতে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সুলতানপুর ইউপিতে চেয়ারম্যান পদে মোট পাঁচজন প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইকবাল আহমদ চৌধুরী একল (নৌকা), আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম (আনারস), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ চশমা। বাকি দুই প্রার্থী জালাল উদ্দিন ও জাপার প্রার্থী আনোয়ার হোসেন খাঁন ভোটের মাঠে নেই।
কাজলসার ইউপিতে আটজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তবে এরমধ্যে ভোটের মাঠ কাপিয়ে তুলেছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জুলকার নাইন লস্কর (নৌকা), আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আশরাফুল আম্বিয়া (আনারস) ও বিএনপি ঘরানো চেরাগ আলী (চশমা)।
এছাড়াও সিলেট জেলার জৈন্তাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডেও ভোটগ্রহণ চলছে।
এছাড়া সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সদর ও উত্তর ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। জামালগঞ্জ সদর ইউনিয়নে ২০ হাজার ৬৯৩ জন ও জামালগঞ্জ উত্তর ইউনিয়নে ১৬ হাজার ৮৯৬ জন ভোটার ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জামালগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোট ৭ জন এবং উত্তরের নির্বাচনে প্রার্থী ৬ জন।
স্থানীয় নির্বাচন সংশ্লিষ্টরা জানান, নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/পিডি/শাদিআচৌ




