বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক তুলে দেন তাঁর সহধর্মিণী ও বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান
দুরারোগ্য রোগে আক্রান্ত সাড়ে ৩ বছরের শিশু রিশিতা রাইসার চিকিৎসায় এগিয়ে এসেছে দেশের বৃহৎ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ। শিশু রিশিতা রাইসা দুরারোগ্য হার্সপাঙ্গ, ক্লোন ও রেক্টাম ইনফাংশনাল ডিজিজে আক্রান্ত। তার চিকিৎসায় ১০ লাখ টাকার আর্থিক সহযোগিতা করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।
আজ শুক্রবার বসুন্ধরা আবাসিক এলাকায় শিশু রাইসার চিকিৎসার জন্য তার পিতা সাংবাদিক রহমান মাসুদের হাতে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক তুলে দেন তাঁর সহধর্মিণী ও বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান। এসময় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের দুই সন্তান ওয়ালিদ সোবহান এবং আরিশা আফরোজ সোবহান উপস্থিত ছিলেন।
এসময় দুরারোগ্য রোগে আক্রান্ত শিশু রাইসার পিতা রহমান মাসুদ বলেন, আমি এই প্রতিষ্ঠানে ১০ বছর কাজ করেছি। আমি নিজেকে বসুন্ধরা গ্রুপের একজন মনে করি। আমার সন্তানের জন্য বসুন্ধরা গ্রুপ যে সহযোগিতা করেছেন- এ জন্য আমি বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞ। আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন বলেও তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, বর্তমানে ভারতের তামিলনাড়ুর ভেলরের সিএমসি হাসপাতালে শিশু রিশিতা রাইসার চিকিৎসা চলছে।




