চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় সিলেটের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী মো. আবুল কালাম আজাদ সিলেট নগরীর নাইওরপুলস্থ বুশরা মোটরসের ব্যবস্থাপনা পরিচালক।

 


ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ীদের দায়ের করা মামলায় মো. আবুল কালাম আজাদ দীর্ঘদিন পলাতক ছিলেন। গেল ২২ জুন সিলেট নগরীর উপশহর, ই-ব্লকের বাসা থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ।

 

আবুল কালাম আজাদ সিলেটের জকিগঞ্জ উপজেলার হালঘাট গ্রামের মৃত হাজী মো: তোতা মিয়ার ছেলে।

জানা যায়, সিলেট নগরীর নাইওরপুল বুশরা মোটরসের স্বত্ত্বাধিকারী আবুল কালাম আজাদ। দীর্ঘদিন ধরে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বড় কোম্পানি থেকে বাকিতে গাড়ি আনেন তিনি। পরবর্তীতে এসব কোম্পানিকে তিনি মোটা অংকের চেক প্রদান করলেও সেগুলো ডিজঅনার হয়। এসব চেকের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও কোম্পানির প্রায় কোটি টাকা আত্মসাত করেন আজাদ।

 

ভুক্তভোগী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগে জানানো হয়, আবুল কালাম আজাদের কাছে প্রায় তিন বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের মোটা অংকের টাকা পাওনা রয়েছে। বিভিন্নভাবে টাকা প্রদানের জন্য নোটিশ করা হলেও সে অর্থ পরিশোধ করেনি। উল্টো ওইসব প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিদের নানাভাবে হয়রানি করে আসছিল।

 

তার বিরুদ্ধে ৬টি চেক প্রতারণার মামলা রয়েছে। যার চারটিতে ইতোমধ্যে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড হয়েছে।

 

এসব মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর গেল ২২ জুন তাকে গ্রেফতার করে পুলিশ। অর্থ আত্মসাতের কারণে আরও বিভিন্ন কোম্পানি আজাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে।

 

সিলেট কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, গেল ২২ জুন সিলেট নগরীর উপশহর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/পিডি/এসডি-৩০