সুনামগঞ্জের তাহিরপুরে ত্রাণ চাওয়াকে কেন্দ্র করে অসহায় এক বন্যাদুর্গত যুবককে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যর বিরুদ্ধে। গুরুতর আহত যুবকের নাম আলী (২৫)। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কুড়েপাড়া গ্রামের সামছু মিয়ার ছেলে।
বুধবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে শ্রীপুর বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য আবুল কালাম ওরফে আবুল মেম্বার তার লোকজন নিয়ে বুধবার দুপুরে বন্যাদুর্গতদের জন্য কুড়েপাড়া গ্রামে ত্রাণ নিয়ে যান। ত্রাণ দেওয়ার শেষ মুহূর্তে আলী নামে একজন মেম্বারের কাছে ত্রাণ চান। মেম্বার ত্রাণ দিতে অস্বীকার জানালে মেম্বারের চাচাতো ভাই রাসেলের সঙ্গে এ সময় আলীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মেম্বার ও রাসেল আলীকে ত্রাণ না দিয়ে চলে আসে। সন্ধ্যার দিকে আলী বাজার করার জন্য শ্রীপুর বাজারে আসেন। বাজার করে যাওয়ার পথে আলীকে পথরোধ করে আটকিয়ে মেম্বারের ভাই ভাতিজা ধারলে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে যায়। পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সে এখন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত স্থানীয় ইউপি সদস্য আবুল কালামের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল লতিফ তরফদার বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সিলেটভিউ২৪ডটকম/এমএআর/জেপি-০৫




