সিলেটের কানাইঘাটে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তউহিদ আহমদ (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার (৯ জুলাই) বিকালে সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট জুলাই ব্রিজ সংলগ্ন সড়কের বাজারে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার বিকাল ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট জুলাই ব্রীজ সংলগ্ন সড়কের বাজারে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দু’টি মোটরসাইকেল দুমড়ে-মোচড়ে যায়।
এতে গুরুতর আহত হন- উপজেলার সাতবাঁক ইউনিয়নের জুলাই মাঝরচটি গ্রামের কটাই মিয়ার ছেলে তউহিদ আহমদ ও অপর মোটরসাইকেলে থাকা কানাইঘাট পৌরসভার দুর্লভপুর গ্রামের মৃত ওমর আলীর আবুল হোসেন ও তাদের মোটরসাইকেলে থাকা আরও ২ আরোহী।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তউহিদ আহমদ ও আবুল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় সিওমেক হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে চতুল এলাকায় পৌঁছামাত্র তউহিদ আহমদ মৃত্যুর কোলে ঢলে পড়েন।
খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত দু’টি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং নিহত তরুণের লাশ সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কানাইঘাট থানার পরিদর্শক (তদন্ত) দীলিপ কান্ত নাথ। তিনি বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
|সিলেটভিউ২৪ডটকম/পিডি




