রংপুরের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেলেন মো. সাবিরুল ইসলাম। তিনি মন্ত্রীপরিষদ বিভাগে (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত ছিলেন। এরআগে তিনি সিলেটের সুনামগঞ্জ জেলা প্রশাসক পদে কর্মরত ছিলেন। দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন।

 


বুধবার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা গেছে।

 

উপ-সচিব কে.এম. আল-আমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রীপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সাবিরুল ইসলামকে বিভাগীয় কমিশনার রংপুর, হিসেবে বদলি করা হয়েছে।  

 

বর্তমানে রংপুরে কমিশনার হিসেবে দায়িত্বে আছে ১১তম বিসিএসের কর্মকর্তা মো. আব্দুল বাতেন ভুঞা।

 

প্রসঙ্গত, সিভিল সার্ভিসের সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘জনপ্রশাসন পদক ২০১৮’- পেয়েছিলেন তৎকালিক সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। এ পদকটি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গ্রহণ করেন। সুনামগঞ্জ জেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে ‘ইউনিয়ন মুক্তিযুদ্ধ জাদুঘর ও লাইব্রেরি’ স্থাপনের জন্য তিনি এ পদক পেয়েছিলেন। তিনি ২০১৭ সালের ২১ মে সুনামগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। 

 

তিনি পাবনা জেলার সদর উপজেলার বাসিন্দা। ওই জেলার সুপরিচিত ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক আমিনুল ইসলাম বাদশার ছেলে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের একজন অফিসার।

 

সিলেটভিউ২৪ডটকম/ডিমে/জেপি