সিলেটে কোরবানির ঈদ গরুর মাংসের চাহিদা মেটালেও মোরগের বাজারে দাম চড়া। গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরণের মোরগের দাম প্রতি কেজি বা পিসে বেড়েছে ৩০-৫০ টাকা। এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
জানা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে সিলেটে সব ধরণের মোরগের দাম প্রতি কেজি বা পিসে বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা। বুধবার (১৩ জুলাই) নগরীর বেশ কয়েকটি মোরগের দোকান ঘুরে দেখা যায়- খুচরো বাজারে সাদা ব্রয়লার মোরগের কেজি বিক্রি হচ্ছে ১৪০-১৪৫ টাকা। যা এক সপ্তাহ আগে ছিলো ১৩০-১৩৫ টাকা। কক এবং সোনালি মোরগের ৬০০-৭০০ গ্রাম ওজনের প্রতি পিস বিক্রি হচ্ছে ২২০ টাকায়। এক সপ্তাহ আগে যা ছিলো ১৭০-১৮০ টাকা। আর কোয়েল পাখি আকার অনুপাতে প্রতি পিস বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিলো ২৫-৩০ টাকা।
তবে দাম কিছুটা কমেছে লাল মোরগের। এ মোরগের পিস বিক্রি হচ্ছে ৫২০-৫৫০ টাকায়। গত এক সপ্তাহে ২০ টাকা কমেছে লাল মোরগের দাম।
নগরীর রিকাবীবাজারে মোরগ কিনতে আসা মাসুদ আহমদ নামের একজন জানান, বাসায় মেহমান এলে শুধু গরুর গোশতে হয় না। মোরগের গোশতেরও প্রয়োজন হয়। আর ঈদ উপলক্ষে বাসায় তো মেহমান আসবেনই। তাই বাধ্য হয়ে মোরগ কিনতে হচ্ছে। কিন্তু মোরগের বাজারে এসে আমরা নিম্ন আয়ের মানুষ পড়েন বিপাকে।
লুকমান আহমদ নামের মোরগ বিক্রেতা জানান, সরবরাহ কম তাই মোরগের দাম একটু বাড়তি। তবে ২-৩ দিন পর দাম কমার সম্ভাবনা আছে।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




