আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, শুধুমাত্র এক তারেক রহমানের জিভ আমরা কেটে নেব না, যারা জাতির পিতা ও জাতির পিতার কন্যাকে নিয়ে অন্যায় ভাষায় কথা বলবে, কটূক্তি করবে, অসম্মান করবে তাদের সকলের জিভ আমরা কেটে নেব। তাদের কোনো ছাড় দেওয়া হবে না এবং কোন সন্ত্রাসীকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ আমরা দেব না।

 


মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ তিনি এসব কথা বলেন।

 

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর বিএনপি কর্তৃক কুশপুত্তলিকা দাহ ও কটূক্তি করার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি জানে না কীভাবে মুক্তিযোদ্ধাদের সন্মান করতে হয়। তাদের সে শিক্ষা নেই। কীভাবে একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাঁড়াতে হয় তাদের সে শিক্ষা নেই। দেশের মানুষ জানে তাদের দলের লোকজনের মধ্যে মানবিকতা নেই। একটি দল পরিচালনা করতে যে গুণাগুণ প্রয়োজন সেটাও তাদের নেতাদের নেই।

 

তিনি বলেন, যাকে নিয়ে বিএনপি খারাপ মন্তব্য করেছে তিনি বাংলার শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযোদ্ধা। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। তিনি একদিনে গড়ে ওঠেননি, তিলে তিলে গড়ে ওঠেছেন। তিনি হাওয়া ভবন থেকে হাওয়ার মধ্যে দিয়ে তৈরি হননি।

 

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, হাওয়া ভবনে বসে যিনি চাঁদা খাওয়ার জন্য বাংলাদেশসহ সারা বিশ্বে কুখ্যাত হয়েছেন সেই সন্ত্রাসী দেশের বাইরে বসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চায়। এ কারণে তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া বিবাদ করার কর্মকাণ্ড করছে। তাদের একটাই লক্ষ্য দেশকে অস্থিতিশীল করা। দেশের মানুষ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো দুর্যোগ মোকাবিলা করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আর তখন তারা রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে। তারা শেখ হাসিনাকে উৎখাত ও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে। তারা জাতির পিতার খুনিদের পক্ষ নিয়েছে।

 

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল, মহিউদ্দিন মহি, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২৮
 


সূত্র : ঢাকাপোষ্ট