সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ আজাদ ডন।

 


বুধবার (২০ জুলাই) রাত ৯টায় সিলেট নগরের পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে মতবিনিময়কালে সিলেট ও সুনামগঞ্জে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং বন্যা পরবর্তী দুর্যোগ কাটিয়ে উঠতে করণীয় বিষয়ে আলোচনা করেন তিনি। এসময় উপস্থিত সাংবাদিকরাও নিজেদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।


মতবিনিময়কালে আজিজুস সামাদ আজাদ ডন বলেন, ১২০ বছরের রেকর্ড ভেঙে সিলেট-সুনামগঞ্জে ভয়াবহ বন্যা আঘাত হেনেছে। এতে মানুষের অপুরণীয় ক্ষতি হয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহত্তর সিলেটে মানুষের প্রতি অতি আন্তরিক থাকায় প্রথম থেকেই নিজে বন্যা পরিস্থিতি তদারকি করার পাশাপাশি সিলেট বিভাগের বন্যার্ত মানুষের জন্য যা যা প্রয়োজন সব করেছেন এবং করে যাচ্ছেন। ফলে বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হলেও যথাসময়ে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।


তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সিলেট-সুনামগঞ্জের বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এছাড়াও সারা দেশের মানুষ সিলেটবাসীর সহযোগিতায় এগিয়ে এসেছেন। যা মানবতার দৃষ্টিকোন থেকে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে।


আজিজুস সামাদ আজাদ ডন আরও বলেন, নিজের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টায় বন্যা আঘাত হানার শুরুতেই কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছি। পরবর্তীতে মার্কেন্টাইল ব্যাংক কর্তৃপক্ষ, প্রবাসী এবং সুনামগঞ্জ-৩ আসনের অন্তর্ভুক্ত দুই উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা বন্যাকবলিত মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছেন। সবার সহযোগিতায় আমরা জগন্নাথপুর ও শান্তিগঞ্জের বানভাসি মানুষের মধ্যে ২০ লাখ টাকার ত্রাণসামগ্রী বিতরণ করেছি। বন্যার্তদের সহযোগিতা প্রদানের ধরাবাহিকতায় আমরা সাড়ে ৩শ’ বান টিন প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি। এছাড়া আগামী ২২-২৩ জুলাই শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে বৃহৎ পরিসরে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। এ ক্যাম্পে ৮ ধরনের রোগের পরীক্ষা-নিরীক্ষা করাসহ, পরামর্শ ও ওষুধ প্রদান করা হবে সম্পূর্ণ বিনামূলে। এ কার্যক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত চিকিৎসক দম্পতি ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও ডা. নুজহাত চৌধুরী শম্পা অংশগ্রহণ করবেন। এছাড়াও ‘টিম রাসেল’ নামে একটি টিম ইতোমধ্যে সুনামগঞ্জের বিভিন্ন স্থানে প্রতি মাসে ছোট ছোট ক্যাম্প করে বন্যার্তদের মাঝে ফ্রি স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। তারাও ওই কার্যক্রমে অংশগ্রহণ করবে।


আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ইতিপূর্বে ভয়াবহ করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবিলা করেছি। এই বন্যাকালীন দুর্যোগও তার সুদক্ষ নেতৃত্বে আমরা কাটিয়ে উঠতে পারবো। শুধু একটু ধৈর্য ধরতে হবে। সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের বাড়িঘরের চূড়ান্ত তালিকা করা হচ্ছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। আরও কয়েক ধাপে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।


আজিজুস সামাদ আজাদ ডন আরও বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে বিশে^র বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার হাত ধরে দেশ অনেকদূর এগিয়ে গেছে। আমরা অনেক সফলতা অর্জন করলেও আন্তর্জাতিক বিভিন্ন দাতাগোষ্ঠী আমাদের দুর্যোগকালীন ছবি ছড়িয়ে বাণিজ্য করছে। বিষয়টি আমাদের জন্য বিভ্রতকর।


বন্যা পরবর্তী দুরবস্থা কাটিয়ে উঠতে কৃষি ও মৎস্যখাতে সরকার বড় প্রণোদনা দেবে এমন আশা ব্যক্ত করে আজিজুস সামাদ আজাদ ডন বলেন, সিলেট বিভাগের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাদা টান রয়েছে। বন্যার পরে ঘুরে দাঁড়ানোর জন্য ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও খামারিদের বিশেষ প্রণোদনা প্রদানের জন্য আমি সরকারের উচ্চমহলে জোর দাবি জানাবো। এছাড়াও আগামীতে যাতে এমন ভয়াবহ বন্যার আগাম বার্তা সিলেট ও সুনামগঞ্জবাসী পান সে পদক্ষেপ নেওয়ার এবং যত বড় বন্যাই হোক- ক্ষয়ক্ষতির পরিমাণ যাতে কম হয় সে লক্ষ্যে যা যা করা দরকার সব করার সুপারিশ করবো।


মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল-আজাদ, অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদ ছামির মাহমুদ, সিনিয়র সাংবাদিক আব্দুল হান্নান, ইকরামুল কবির ইকু, কাওছার চৌধুরী, ফয়ছল আহমদ মুন্না ও আমিরুল ইসলাম ইয়াহইয়াসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।


এছাড়াও উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মাস্টার ও জগন্নাথপুর আওয়ামী লীগ নেতা কালি রায় প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/এসকে/এসডি-০৭