সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় খালেদ উদ্দিন খোকন নামে একজন গুরুতর আহত হয়েছেন। তিনি লাউয়াই গ্রামের মৃত আব্দুল কাদির দুদুর ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের পর দুজনকে আটক করেছে পুলিশ।

অভিযোগে উল্লেখ- খালেদ উদ্দিন খোকন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে একই এলাকার রফিক মিয়ার সঙ্গে দীর্ঘদিন থেকে ভূমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ২৩ জুলাই রাতে খোকন মিয়া ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে রফিক মিয়ার ছেলে ইয়ামিনসহ ৬-৭ জন পূর্বপরিকল্পিতভাবে হামলা করে খোকন মিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা আহত খোকন মিয়াকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। তার অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গেছে।


পুলিশ জানায়, হামলার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায় এবং ২জন আসামিকে গ্রেফতার করে। এ ব্যাপারে আহত খোকন মিয়ার ভাই মো. তালেব উদ্দিন বাদী হয়ে ৫ জনকে আসামি করে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেছেন। 

মামলার আসামিরা হচ্ছেন- ইয়ামিন মিয়া, রফিক মিয়া, আফসানা বেগম, রূপম মিয়া, পিতা মৃত বোরহান উদ্দিন ও অপু মিয়া। 

দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রফিক মিয়া ও অপুকে গ্রেফতার করেছে। বাকি আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম / ডি.আর