সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মো. বুলবুল আহমেদ (২২) খুনের ঘটনায় ব্যবহৃত ছোরা উদ্ধার করেছে পুলিশ। একইসাথে তার মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সকালে এক অভিযানে এগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের। তিনি বলেন, ‘খুনে ব্যবহৃত ছোরা ও বুলবুলের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রেসব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।’
আজ দুপুরের দিকে প্রেসব্রিফিং হতে পারে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, আজ বুধবার সকালে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, বুলবুল খুনের ঘটনায় গত সোমবার রাতে ও গতকাল মঙ্গলবার সকালে সন্দেহভাজন তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছিল। তন্মধ্যে একজন খুনে জড়িত থাকার কথা স্বীকার করে আরও দুজন জড়িত থাকার তথ্য দেন। পরে ওই দুজনকেও গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের নিয়ে বুলবুলের মুঠোফোন উদ্ধার ও খুনে ব্যবহৃত ছোরা উদ্ধারের কাজ চলছে বলেও জানিয়েছিলেন তিনি।
গত সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে গাজী-কালুর টিলার পাশে (নিউজিল্যান্ড এলাকায়) ছুরিকাঘাত করা হয় শাবির লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদকে (২২)। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুলবুলের বাড়ি নরসিংদী সদরের নন্দীপাড়া গ্রামে। তিনি শাবির শাহপরান হলের ২১৮ নম্বর কক্ষে থাকতেন।
এ ঘটনায় সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় গতকাল মঙ্গলবার একটি হত্যা মামলা দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
এদিকেম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আখতারুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




