সিআইপি এর সমমর্যাদাসম্পন্ন এআইপি (কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি) সম্মাননা পেয়েছেন সিলেটের আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরী।

আজ বুধবার সকাল ১০টায় ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে “গুরুত্বপূর্ণ ব্যক্তি (এইপি) সম্মাননা ২০২০” অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে আলীমুছ ছাদাত চৌধুরীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহার এমপি।

প্রসঙ্গত, বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রথমবারের মতো ‘কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি)’ সম্মাননা প্রদান করা হলো। ২০১৯ সালে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) নীতিমালা প্রণীত হয়েছে। তার আলোকে প্রথমবার ২০২০ সাল থেকে দেয়া হচ্ছে এ সম্মাননা।  এআইপি সম্মাননা প্রাপ্তগণ সিআইপিদের মতো সুযোগ-সুবিধা পাবেন।

কৃষির সাফল্যের অন্যতম কারিগর কৃষক, কৃষি বিজ্ঞানী, উদ্যোক্তা, উৎপাদনকারী, খামারিসহ কৃষির সাথে সম্পৃক্তদেরকে  প্রতি বৎসর  সম্মাননা জানাতে ও তাদেরকে উৎসাহিত করতে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ২০২০ সালের অবদানের জন্য মোট ১৩ জনকে এই এআইপি সম্মাননা প্রদান করা হলো আজ।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে