স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ঠাকুরগাঁওয়ে নির্বাচন হচ্ছিল এবং সেখানে উত্তেজনা চলছিল। উত্তেজনা সামাল দিতে যেয়ে পুলিশ গুলি করেছে। গুলিবর্ষণে মায়ের কোলে একজন বাচ্চা নিহত হয়। আমরা তদন্ত করে দেখবো গুলিবর্ষণে সৈনিকের কোন গাফিলতি আছে কি না? সবকিছু তদন্ত করে দেখার নিয়মিত মামলা হবে। সৈনিকের কোন গাফিলতি থাকলে আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করা হবে।
বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইন্সে ৫ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত নারী ব্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান উপরোক্ত কথাগুলো বলেন।
মন্ত্রী মৌলভীবাজার শহরের গোমড়া এলাকায় পুলিশ লাইন্সে নারী পুলিশ ব্যারাক এর উদ্বোধন শেষে জেলা পুলিশের আয়োজনে ও মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে মত বিনিময় সভায় যোগ দেন।
এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ডিআইজি সিলেট রেঞ্জ মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
সিলেটভিউ২৪ডটকম/এফসি/এসডি-৯




