দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আগামী ৩০ জুলাই দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিজ্ঞান অনুষদভুক্ত 'এ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 


গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

 

যেসব ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্র হিসেবে শাহজালাল বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র হিসেবে নির্ধারণ করেছিলেন তাদের আসন ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫টি একাডেমিক ভবন (এ, বি, সি, ডি ও ই), কেন্দ্রীয় লাইব্রেরি ভবন, ড. এমএ ওয়াজেদ মিয়া আইআইসিট ভবন, শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ডারগার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ- এই ৯টি ভেন্যুতে সাজানো হয়েছে।

 

এতে মোট ৫ হাজার ৫২৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষা দেবেন। গুচ্ছ ভর্তি পরীক্ষার শাহজালাল বিশ্ববিদ্যাল উপকেন্দ্রের ভর্তিপরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, পরীক্ষা শুরু হবার এক ঘণ্টা আগে শিক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। প্রবেশপত্র ও নির্দেশিত অন্যান্য কাগজপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

 

কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে থাকবে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বহিনীর সদস্যরা। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে আসতে পারেন সেজন্য বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস চালু থাকবে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের আসনবিন্যাসের তালিকা টানিয়ে দেওয়া হয়েছে।

 

এছাড়া আগামী ১৩ আগস্ট গুচ্ছ ভর্তি পরীক্ষায় কলা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অংশ নেবেন ২ হাজার ২৩১ জন, ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে অংশ নেবেন ৮৩০ জন পরীক্ষার্থী।

 


সিলেটভিউ২৪ডটকম/এনএম/এসডি-০২