নিহত জাহিদুল ইসলাম টিপু ও সামিয়া আফরান প্রীতি
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার চারজনের পাঁচদিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৩১ জুলাই) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্ত সংস্থা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) আসাদুজ্জামান নুরের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
রিমান্ড আবেদনকৃতরা হলেন- মতিঝিল ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান টিটু, জুবের আলম খান রবিন, মতিঝিল ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুর রহমান সোহেন ও খায়রুল ইসলাম।
এর আগে শনিবার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। টিপু হত্যার প্রধান সমন্বয়কারী সুমন শিকদার ওরফে মুসার দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।
গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এসময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওইদিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়।
মামলার এজাহারে টিপুর স্ত্রী অভিযোগ করেন, ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুর থানার ২০২ উত্তর শাহজাহানপুর মানামা ভবনের বাটার দোকানের সামনে পৌঁছামাত্র অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা করেন। তারা আমার স্বামী জাহিদুল ইসলাম টিপুকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৬
সূত্র : জাগোনিউজ




