সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে চোরাচালান মামলার প্রধান পরোয়ানাভুক্ত আসামী লোকমানকে আটক করেছে পুলিশ।
রোববার (৩১ জুলাই) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের সময় উপজেলার হরিপুর বাজার থেকে জৈন্তাপুর মডেল থানার এসআই কাজী শাহেদুল ইসলামের নেতৃত্বে তাকে আটক করা হয়। সে উপজেলার ফতেপুর (হরিপুর) ইউনিয়নের লামাশ্যামপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত লোকমান হোসেন সীমান্তবর্তী বিভিন্ন ব্যক্তির মাধ্যমে সরকারী শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় ভারত হতে বিভিন্ন সময় পণ্য বাংলাদেশে নিয়ে আসে। বিগত ৫ মে অবৈধ পথে এ যাবত কালের সবচেয়ে বড় ভারতীয় পণ্যের চালান (৫০ লক্ষ টাকা মূল্যের) বিশেষ কৌশলে পাথর চাঁপা দিয়ে ট্রাক যোগে নিয়ে যাওয়ার পথে জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপজেলার দরবস্ত বাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাসি করে ট্রাক সহ মালামাল আটক করা হয়। এসময় পুলিশের চৌকি দেখে লোকমান হোসেন সহ ট্রাক চালক পালিয়ে যায়। অবশেষে ৩ মাস পর রোববার দিবাগত রাতে ভারতীয় পণ্য চোরাচালানের প্রধান আসামী পরোয়ানাভূক্ত আসামী লোকমানকে আটক করে পুলিশ।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, লোকমান উপজেলা চোরাচালান ব্যবসায়ীদের অন্যতম একজন ব্যবসায়ী। তার বিরুদ্ধে একটি ওয়ারেন্ট রয়েছে। পুলিশের হাতে আটক হওয়া এক ট্রাক ভারতীয় কসমেট্রিক্স চালানের মালিক সে। আটকের পর সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছে। সোমবার (১ আগস্ট) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/সাব্বির/জেপি




