শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'আত্মরক্ষা শিক্ষা কর্মসূচি' বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 


রোববার (৭ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বেসরকারী সংস্থা 'আইডিয়া'র শাবি শাখার টিম 'উই শেল ওবারকাম' এ কর্মশালার আয়োজন করে। কর্মশালাটি ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে পরিচালিত 'লিড বাংলাদেশ' নামক প্রজেক্টের আওতাধীন।

 

অনুষ্ঠানে উই শেল ওবারকাম' র সদস্য আইরিন তাজরিন ইতি, তাহমিদ ইশরাক অপূর্ব ও চৈতি দাশের সঞ্চলনায় বক্তব্য রাখেন শাবির ফুড ই্ঞ্জিনিয়ারিং টি টেকনোলজি (এফইটি) বিভাগের অধ্যাপক  ড. মোজাম্মেল হোসাইন, সিলেট সিটি কর্পোরেশনের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম, আইডিয়া সংস্থার প্রজেক্ট সমন্বয়ক তামান্না আহমেদ ও সুষমা ভট্টাচার্য, প্রজেক্ট কর্মকর্তা নাসরিন নীলা প্রমুখ। এতে বিশ্ববিদ্যালয়ের ত্রিশের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

উই শেল ওবারকামের সদস্যরা জানান, মেয়েরা প্রায়শই যাতায়াত ব্যবস্থায় হয়রানির শিকার হয়। এটা এমন একটি সমস্যা যেটা নিয়ে সব সময় আমরা আওয়াজও তুলতে পারি না। মেয়েরা যারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের এই অভিযোগ নিত্যদিনের। আমরা যখন ব্রিটিশ কাউন্সিলের 'লিড বাংলাদেশ প্রজেক্ট সম্পর্কে বেসরকারী সংস্থা 'আইডিয়া' এর মাধ্যমে জানতে পারি, তখন মনে হলো আমরা এই বিষয় নিয়ে কাজ করতে পারি।

 

উই শেল ওবারকামের সদস্য চৈতি দাশ বলেন,  ব্রিটিশ কাউন্সিল এর আসল লক্ষ্য হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি -১৬) নিয়ে কাজ করা। অর্থাৎ শান্তি, ন্যায় ও একটি শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা।

 

তিনি বলেন, একজন মেয়ে যদি হয়রানির শিকার হয়ে স্ব স্ব ক্ষেত্রে অংশগ্রহণ করতে না পারে, তাহলে কখনোই এ লক্ষ্য নিশ্চিত হবে না। তাই আমরা আমাদের শিক্ষকবৃন্দ, সিসিকের কাউন্সিলর ও জালালাবাদ পুলিশের সহায়তায় মেয়েদের যৌন হয়রানি ঠেকাতে ও সচেতনতা বৃদ্ধির জন্য সাধারণ শিক্ষার্থী ও সিএনজি চালকদের সাথে কাজ করছি।''

 

কর্মশালায় এফইটি বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হোসাইন বলেন, 'বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে হয়রানির শিকার হয়। এসব কর্মসূচির মাধ্যমে তারা নিজেদেরকে রক্ষা করার কলাকৌশল জানতে পারবে। বর্তমান প্রেক্ষাপটে এসব কর্মসূচি দরকার রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

 

কর্মশালার শেষ দিকে মেয়েদের জন্য আত্মরক্ষামূলক কিছু কলাকৌশল দেখান শাবির ইংরেজী বিভাগের শিক্ষার্থী নাদিয়া আফরিন তন্দ্রা।

 


সিলেটভিউ২৪ডটকম/এনএম/এসডি-৩৫