সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলার নরসিংপুর ইউনিয়নস্থ চেলা নদীভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন উপজেলা পাউবো কর্মকতা শাফিউল আলম।
এসময় উপস্থিত ছিলেন- দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া প্রমুখ।
ভাঙ্গন কবলিত পূর্ব চাইরগাঁও, রহিমেরপাড়া, সারপিননগর. দৌলতপুর, সোনাপুর ও সারপিনপাড়াসহ রহিমেরপাড়া-সারপিননগর বেড়িবাঁধও পরিদর্শন করা হয়।
ভাঙনের ফলে রাতদিন আতঙ্কে কাটাচ্ছেন নদীতীরের মানুষজন। হুমকির মুখে রয়েছে শতাধিক একর ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতভিটা। ভাঙ্গনরোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
উল্লেখ্য, ২০২০ সালে নদীপারের পূর্ব চাইরগাঁও গ্রামের কয়েকটি বসতভিটা, একটি স্কুল, কাস্টমস অফিস ও সোনালি চেলা বিজিবি ক্যাম্পসহ শতাধিক একর ফসলি জমি নদীগর্ভে বিলিন হয়। ২০২১ সালে ওই গ্রামসহ সোনাপুর, দৌলতপুর গ্রামের কয়েকটি বসতঘর নদীগর্ভে চলে যায়। চলতি বছরের তিন দফা ভয়াবহ বন্যায় চেলা নদীর পশ্চিমপারে অবস্থিত শারপিন নগর-রহিমেরপাড়া এলাকায় নবনির্মিত বেড়িবাঁধ ভেঙে অনেক ফসলি জমি, সারপিনপাড়া ও পূর্ব চাইরগাঁও গ্রামের কয়েকটি বসতঘর নদীগর্ভে বিলিন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামীলীগ নেতা মাস্টার মতক্কিন আলী, কাজী কয়ছর উদ্দিন, ইউপি সদস্য ইশ্রাঈল আলীসহ স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, গত ৪ বছর ধরে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার)আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জের পাউবো কর্মকতা, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দফায় দফায় দাবি জানালেও ভাঙনরোধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এলাকার ফসলি জমি, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাট-বাজার রক্ষার্থে ভাঙনরোধে কার্যকরী ব্যবস্থা নেয়ার জোরালো দাবি জানান তারা।
দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, স্থানীয় এমপি মুহিবুর রহমান মানিকের সাথে এবিষয়ে সার্বক্ষণিক আলোচনা হচ্ছে। বিগত দিনে ভাঙ্ন এলাকা পরিদর্শনও করেছেন তিনি। ভাঙনরোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নিতে পাউবো কর্মকতাদের জানিয়েছেন তিনি।
পাউবো কর্মকর্তা শাফিউল আলম জানান, ভাঙ্গন কবলিত এলাকাগুলো উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামকে সাথে নিয়ে একাধিকবার পরিদশর্ন করা হয়েছে। ভাঙনরোধে কার্যকরী ব্যবস্থা নিতে উর্ধতন কর্মকর্তাদের বরাবরে প্রতিবেদন পাঠানো হবে।
সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-১৩




