সিলেট অন্যরকম এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে আজ। সিলেটে এই প্রথম তরুণ আলেমদের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমী এক অনুষ্ঠান, আয়োজকরা যার নাম দিয়েছেন ‘সৃজনঘর তারুণ্যের মাহফিল’। রাত পোহালেই এ মাহফিল শুরু হচ্ছে সিলেটে।
শীলিত সৃজনের ছায়ানীড় স্লোগানে পথচলা সাহিত্য-সংস্কৃতিবিষয়ক সংগঠন ‘সৃজনঘর’র উদ্যোগে তরুণদের জন্য বিশেষায়িত আয়োজন ‘সৃজনঘর তারুণ্যের মাহফিল-২০২২’ আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সিলেট মহানগরীর পূর্ব শাহী ঈদগাহের (আরামবাগ) আমান উল্লাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। দ্বিনকে পিছটান এই দুঃসময়ে আজ দিনভর সিলেটে তরুণদের সম্মোহিত করে রাখবেন ইলমে ওহির দাঈ- আলোর দিশারিরা।
সকাল থেকে রাত পর্যন্ত আলো ঝরাতে যাওয়া এই তারুণ্যের মাহফিলে থাকছে টক-শো, প্রশিক্ষণ কর্মশালা, সংগীত পরিবেশন, নির্ধারিত বিষয়বস্তুর উপর আলোচনা, প্রশ্ন-উত্তর পর্ব, গ্রন্থের মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ।
আয়োজকরা জানিয়েছেন- যারা রেজিস্ট্রেশন করেছেন তারাই শুধু তারুণ্যের মাহফিলে অংশগ্রহণ করতে পারবেন। বিশেষ এই মাহফিল উপলক্ষে প্রকাশিত হয়েছে স্মারক। নিবন্ধিত প্রত্যেকের জন্য থাকছে স্মারকসহ আকর্ষণীয় উপহার।
তিন পর্বের এ মাহফিলের মূল অধিবেশন ‘তামাদ্দুন ওয়ার্কশপ’। এতে আলোচক ও প্রশিক্ষক হিসেবে থাকছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক ড. আ ফ ম খালিদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মাদ গিয়াস উদ্দিন তালুকদার, বরেণ্য লেখক মাওলানা মুহাম্মাদ যাইনুল আবিদীন, বরেণ্য লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মুহাম্মদ, বিশিষ্ট দাঈ ও মিডিয়া ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ, কবি গবেষক ও বহুগ্রন্থ প্রণেতা মাওলানা মুসা আল হাফিজ এবং অর্থনীতি বিশেষজ্ঞ আলেম মুফতি আব্দুল্লাহ মাসুম।
ইসলামি সংস্কৃতি বিষয়ক টকশো পর্বে আলোচনা করবেন পাঁচ তরুণ লেখক। তাঁরা হলেন- সাবের চৌধুরী , মনযুরুল হক, সাদিকুর রহমান, ইমরান রাইহান ও ফারুক ফেরদৌস । টকশো সঞ্চালনা করবেন সাংবাদিক বাশিরুল আমিন।
পড়ন্ত বিকেলে থাকছে ইসলামি ও দেশাত্ববোধক সংগীতানুষ্ঠান- কাওয়ালি জলসা। গাইবেন জনপ্রিয় নাশিদ শিল্পী আহমদ আবদুল্লাহ, শালীন আহমদ, শেখ এনাম, শাহেদ নবজাম ও মাসুম বিল্লাহ।
মনোমুগ্ধকর উপস্থাপনায় পুরো অনুষ্ঠান মোহিত করে রাখবেন জনপ্রিয় সঞ্চালক ও কবি মীম সুফিয়ান এবং কবি মুহাম্মাদ রাইহান।
এছাড়াও মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ, লেখক, সাংবাদিক, সমাজসেবক, নবীন-প্রবীণ আলেম, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।
ব্যতিক্রমী এই আয়োজন সম্পর্কে ‘সৃজনঘর’র সভাপতি তরুণ আলেম মাওলানা সাইফ রাহমান বলেন, ‘আলহামদুলিল্লাহ- ‘তারুণ্যের মাহফিল’ সফলে সবরকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিলেটবাসীকে ভিন্নরকম একটি মাহফিল উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।
আয়োজনটি সফল হতে সকলের দোআ ও সহযোগিতা কামনা করেন মাওলানা সাইফ রাহমান।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




