ম্যাচটা ভারত আর পাকিস্তানের। টানটান উত্তেজনা থাকবে- এটাই স্বাভাবিক। তবে, সেটা যে একেবারে প্রথম ওভার কিংবা প্রথম বল থেকেই হবে তা প্রত্যাশিতই ছিল হয়তো।
টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ভারত। ব্যাট করতে নামেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম এবং উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। এক বছর আগে এ দু’জনকেই আউট করতে পারেনি ভারতীয় বোলাররা।
ভারতের হয়ে আজ প্রথম বল হাতে তুলে নেন ভুবনেশ্বর কুমার। প্রথম বল থেকেই দারুণ নিয়ন্ত্রিন বোলিং। লাইন-রেন্থ বজায় রেখে এমনভাবে বোলিং করতে শুরু করেন, যাতে পাকিস্তানি ব্যাটাররা রানই নিতে না পারে।
ওভারের দ্বিতীয় বলেই ভুবনেশ্বরের বাউন্সারটি গিয়ে আঘাত করে রিজওয়ানের ভেতরের পায়ে। জোরালো আবেদন। সে আবেদনে সাড়া দেন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান। আঙ্গুল তুলে দিলে সঙ্গে সঙ্গেই রিভিউ নেন রিজওয়ান।
রিভিউতে দেখা যায়, বল চলে যেতো স্ট্যাম্পের অন্তত তিন থেকে চার ইঞ্চি ওপর দিয়ে। সুতরাং, নট আউট। রিভিউ নিয়ে এ যাত্রায় বেঁচে যান মোহাম্মদ রিজওয়ান।
ওভারের শেষ বলে আবারও ব্যাটার রিজওয়ান। অফ স্ট্যাম্পের বাইরে বলটি খেলতে গিয়েছিলেন রিজওয়ান। কিন্তু বল ব্যাটকে ফাঁকি দিয়ে চলে যায় উইকেটরক্ষক দিনেশ কার্তিকের হাতে। আউটের আবেদন তোলে ভারতীয়রা। আম্পায়ার থাকেন নির্বিকার। তিনি আউট দিলেন না। রোহিত শর্মা এবং বোলার মিলে নিলেন রিভিউ।
এবারও ভাগ্য ভালো পাকিস্তানের। রিভিউতে দেখা গেলো বল ব্যাটকে ছুঁয়ে যায়নি। একেবারে কাছ ঘেঁষে চলে যায়। এবারও বেঁচে যান রিজওয়ান।
এ রিপোর্ট লেখার সময় পাকিস্তানের রান ২.২ ওভারে ১৫। বাবর আজম ১০ এবং রিজওয়ান ব্যাট করছেন ৩ রান নিয়ে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২১
সূত্র : জাগোনিউজ




