‘কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার’ স্লোগানে প্রচার চালালেও ৫২ টাকা কেজির চাল ৮৮ টাকা বিক্রি করছিল চেইন সুপার শপ ‘স্বপ্ন’। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময় সভায় এমন ভয়ংকর তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার ভোক্তা অধিদপ্তরে প্যাকেটজাত পণ্য নিয়ে সুপারশপ প্রতিনিধিদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভায় এমন তথ্য জানান মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান।
মহাপরিচালক বলেন, ‘আমরা অভিযানে দেখছি যে, যেকোনো পণ্যে সুপারশপগুলো লাভের পরিমাণ অনেক বেশি করছে। 'স্বপ্ন' সুপার প্রিমিয়ামের নামে ৫২ টাকার চাল বিক্রি করছে ৮৮ টাকায়। এটা কীভাবে সম্ভব হতে পারে?’
ভোক্তার পকেট কাটার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যদি লাভটা সহনশীল পর্যায়ে করত তাহলে মানা যেত। কিন্তু না, তারা এমনভাবেই লাভ করছে যে ভোক্তার পকেট পুরোটাই কেটে ফেলছে। এভাবে তো চলতে দেওয়া যেতে পারে না। আমি নিজেও একজন ভোক্তা।’
এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘কে কত টাকা লাভে পণ্য বিক্রি করছেন সেসব তথ্য আমাদের কাছে আছে। এসব বিষয় নিয়ে গোয়েন্দা সংস্থা কাজ করছে।’
‘আমাদের ভোক্তারা প্রতিটি জায়গায় প্রতারণার স্বীকার হচ্ছে। এর সমাধান দরকার। এজন্য আগামীকাল বুধবার উৎপাদক, ভেন্ডার আর সুপারশপ যারা আছে তাদের সবার নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক হবে।’
ভোক্তারা আগের চেয়ে অনেক সচেতন উল্লেখ করে তিনি বলেন, ‘গণমাধ্যমগুলোতে খবর আসার ফলে ভোক্তারা সচেতন হচ্ছে। আগের চেয়ে অভিযোগের পরিমাণ দুইগুণ বেড়েছে।’
তিনি বলেন, ‘আগামীকাল ইউনিলিভারসহ বড় বড় কোম্পানিগুলোকে আমরা ডেকেছি, কেন সাবান ডিটারজেন্ট পেস্টের দাম এত বাড়ল তা নিয়ে তাদের জিজ্ঞাসা করা হবে, এটা কতটুকু যৌক্তিক তা নিয়ে জিজ্ঞেস করা হবে।’
ক্যাশ ব্যাক নিয়ে তিনি বলেন, ‘সিঙ্গার কোম্পানি ঈদের বিজ্ঞাপন প্রচার করছে। যেখানে লেখা ১০০ শতাংশ নিশ্চিত ক্যাশব্যাক। তাদেরকেও আমরা আগামীকাল ডেকেছি। তাদের ভাষায় তারা বৈধভাবে প্রতারণা করছে।’
ডিমের দাম বৃদ্ধি নিয়ে ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল বলেন, ‘ডিমের দামেও লাভ করা হচ্ছে আকাশ পাতাল ব্যবধানে। একটি খোলা ডিমের ক্রয়মূল্য ৯ টাকা ১৮ পয়সা হলেও বিক্রি করা হচ্ছে বিক্রি ১০ টাকায়। আর এক ডজন প্যাকেটজাত ডিমের ক্রয়মূল্য হচ্ছে ১৩৬ টাকা ৪০ পয়সা। কিন্তু বিক্রি করা হচ্ছে ১৫৫ টাকায়। তারমানে ডজনপ্রতি লাভ করা হচ্ছে ১৮ টাকা ৩ পয়সা। খোলা পণ্য প্যাকেটজাত হলেই তারা লাভ করে নিচ্ছে দিগুণ।
মতবিনিময় সভায় বিভিন্ন সুপারশপের প্রতিনিধিসহ ভোক্তা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৫
সূত্র : ঢাকা টাইমস




