নুরুল হুদা মুকুট- ফাইল ছবি
দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে গেলবারের মতো এবারও বিদ্রোহী প্রার্থী হয়ে সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করার ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের জেলা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুল হুদা মুকুট। বর্তমান এ জেলা পরিষদ প্রশাসক গেল নির্বাচনে নিজ দলের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে পরাজিত করেন। তবে এবারের নির্বাচনে ইমন প্রার্থী না হলেও প্রার্থী হয়েছেন তাঁরই সহোদর ড. অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সুনামগঞ্জ জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি)। তাকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
জানা যায়- অনুষ্ঠিতব্য সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পাওয়া রুমেন ছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংরক্ষিত এমপি অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য তারিখ হাসান দাউদ ও আওয়ামী লীগ সমর্থক চঞ্চলা রানী সরকার। ৬ নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশা করলেও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড. রুমেনকে বেঁচে নেন। তবে দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ায় গেলবারের মতো এবারের নির্বাচনের মাঠে রয়েছেন নুরুল হুদা মুকুট।
তিনি বলেন- ‘আমি গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছি। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে মানুষ জেলা পরিষদের উন্নয়ন সম্পর্কে জানত না। বিগত সময়ের আমার কাজে জেলা পরিষদের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে। গ্রাম পর্যায়ে জেলা পরিষদের অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। যার সুফল ভোগ করছেন সাধারণ মানুষ। আমি মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমি এবারও নির্বাচন করবো এবং আশাকরি আমাকে বিপুল ভোটে বিজয়ী করা হবে।’
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর, আপিল ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর আর ভোট গ্রহণ ১৭ অক্টোবর।
সিলেটভিউ২৪ডটকম/মুন্না




