সিলেট সিটি করপোরেশনের সদ্যঘোষিত বাজেট বক্তৃতায় মেয়র আরিফুল হক চৌধুরী বলেছিলেন- এটি সম্ভবত তার মেয়াদের শেষ বাজেট। এই বক্তৃতার পর বিষয়টি নিয়ে অনেকের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। সিটি ছেড়ে সংসদ নির্বাচনের দিকে এগোচ্ছেন আরিফ-এরকম খবর ছড়িয়ে পড়ে চারদিকে। তবে সেসব খবর উড়িয়ে দিয়েছেন তিনি নিজে।

সিলেটভিউকে তিনি জানিয়েছেন, তার দল বর্তমান সরকারের অধীনে কোন ধরণের নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল। তাই তিনি নিজেও ভবিষ্যতে কোন ধরণের নির্বাচন করবেন কি না সে বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করেননি। বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে তিনিও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নানা আন্দোলন কর্মসূচিতে সক্রিয় রয়েছেন।



মেয়র আরিফুল হক চৌধুরী জানান, সেদিনের বক্তব্যকে বিভিন্নভাবে গ্রহণ করে অনেকে তাকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে বিভিন্ন ধরণের সংবাদ প্রকাশ করেছেন। তাকে সিলেটের বিভিন্ন আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। কিন্তু তিনি নিজ থেকে কখনো সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার ঘোষণা দেননি।
তিনি বলেন, ‘আমি বিএনপির একজন দায়িত্বশীল নেতা। বর্তমানে বিএনপি কোন ধরণের নির্বাচনে অংশ নিচ্ছে না। যদি ভবিষ্যতে দল নির্বাচনে অংশগ্রহন করে তাহলে আমি এ ব্যাপারে চিন্তাভাবনা করবো।’


মেয়র আরিফ জানান, দলের সিগন্যাল পেলে তিনি আগামী সিটি নির্বাচনেও অংশ নেবেন। তিনি নগরবাসীর সেবক হিসেবে কাজ করতে চান। এছাড়াও দলের সিগন্যাল পেলে তিনি জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিতে পারেন। তবে তিনি কখনো দলের সিদ্ধান্ত অমান্য করে কোন নির্বাচনে অংশ নেবেন না।


সিলেটভিউ২৪ডটকম/পিডি