গ্রেফতার আ. লীগ-ছাত্রলীগ নেতাসহ অন্যান্য মামলার আসামি। ছবিঃ সিলেট ভিউ।
সিলেটের বিয়ানীবাজারে নাশকতা পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন বিয়ানীবাজার থানা পুলিশের গণমাধ্যম শাখা।
তারা জানায়, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ৪৯টি ইয়াবা বড়িসহ ২ জন, চোরাই মালামালসহ ২ জন এবং পরোয়ানাভুক্ত তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামের কবির হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আ. লীগ ও ছাত্রলীগনেতারা হলেন- বিয়ানীবাজারের ফতেহপুর গ্রামের পৌর ছাত্রলীগ নেতা তারেক আহমদ মুসা (২৫), মাথিউরা গ্রামের উপজেলা ছাত্রলীগ নেতা এহসান হোসাইন খান (২৪), কাকরদিয়া গ্রামের হাবিবুর রহমান খান রাহিম (২৩) ও দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাক আহমদ খান (৪৬)।
পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা করছিল কার্যক্রম নিষিদ্ধ দলের সদস্যরা- এমন খবরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা সবাই নিষিদ্ধ সংগঠনের রাজনীতির সাথে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীর জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া পৃথক অভিযানে গ্রেফতারকৃতদেরও সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
সিলেটভিউ২৪ডটকম/তামিম/আশিক-০৫




