কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন এবং নিষিদ্ধ ছাত্রলীগের যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাদ জোহর শান্তিগঞ্জ বাজারে উপজেলা ছাত্র জমিয়ত বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি সালিক বিন রফিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান চৌধুরীর পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জমিয়ত নেতা মাওলানা মিজানুর রহমান, উপজেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহসভাপতি কামরান হোসাইন, নির্বাহী সদস্য কাওসার আহমদ রাহিন, আবু সুফিয়ান, আসআদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা বলেন, ছাত্রলীগের যেকোনো অবৈধ ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে ছাত্র জমিয়ত বাংলাদেশ সচেষ্ট ও প্রস্তুত রয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জনসাধারণের স্বাভাবিক চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
সিলেটভিউ২৪ডটকম/সামিউল/মআস-০১




