শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন সংলগ্ন স্থানে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন সংগঠনটির সদস্যরা।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি সাকিব শাহরিয়ার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
সংগঠনটির সভাপতি সাকিব শাহরিয়ার এবং সাধারণ সম্পাদক শাফায়াত আহমেদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার আতকিয়া ফারিহা, জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক তৌফিকুল ইসলাম খান এবং একই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তরিকুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন- শাবিপ্রবি বন্ধুসভার বর্তমান কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল কাদির, আরাফাত ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কার্যকর কমিটির সাবেক সভাপতি বিকাশ সরকার, সাবেক সভাপতি মাইদুল ইসলাম মুরাদ এবং সাবেক সাধারণ সম্পাদক তানিম খন্দকার প্রমুখ।
এসময় সংগঠনটির সভাপতি সাকিব শাহরিয়ার বলেন, আমরা আজকে বৃক্ষরোপন করেছি এখানেই আমাদের সমাপ্তি নয়। বৃক্ষের বৃদ্ধি অবধি যথাযথ পরিচর্যা আমাদেরকেই করতে হবে।
সহকারী অধ্যাপক খন্দকার আতকিয়া ফারিহা বলেন, শাবিপ্রবি বন্ধুসভা শুরু থেকেই নানান ব্যতিক্রমী ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। গাছ আমাদের পরম বন্ধু। গাছ লাগানো ও গাছের প্রতি ভালোবাসা তৈরিতে বন্ধুসভার এই উদ্যোগকে স্বাগত জানাই।
শাবিপ্রবি বন্ধুসভার পক্ষ থেকে রোপণকৃত গাছগুলো শিক্ষার্থীদের পরিচর্যায় বেড়ে উঠুক। ফুলে-ফলে ও সবুজে ভরে উঠুক আমাদের দেশ। শুধু মানুষ নয় পশুপাখিসহ প্রকৃতির সবই এর সুফল পাবে। এছাড়াও ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের বাইরে বিশেষ করে যেই এলাকাগুলোতে গাছপালা কম সেগুলো চিহ্নিত করে বৃক্ষরোপন কর্মসূচি করার চেষ্টা করতে হবে।
পরবর্তীতে কেন্দ্রীয় মিলনায়তন সংলগ্ন পতিত জায়গাগুলোতে ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা রোপণ করেন শাবিপ্রবি বন্ধুসভার সদস্যরা।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১৫




