সিলেটের বিশ্বনাথ পৌরসভায় আগামী ২ নভেম্বর প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ১নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হচ্ছেন তরুণ সমাজকর্মী অলিউর রহমান বাবলু। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাবলুর সাথে ১নং ওয়ার্ডের বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


মনোনয়নপত্র দাখিল শেষে কাউন্সিলরপ্রার্থী অলিউর রহমান বাবলু বলেন, ‘আমরা তরুণ প্রজন্মের মানুষ। মানুষের জন্য ভালো কিছু করার, এলাকার উন্নয়নে কাজ করার এখনই সবচেয়ে উত্তম সময়। এজন্য এলাকার সর্বস্তরের মানুষের তাগিদে পৌর নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হচ্ছি।’

তিনি বলেন, ‘১নং ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। সবাই আমাকে সমর্থন দিচ্ছেন, উৎসাহ যোগাচ্ছেন। সবার ভালোবাসায় সামনের পানে এগিয়ে যেতে চাই।’

জানা গেছে, এলাকায় সমাজকর্মী, শিক্ষানুরাগী ও ক্রীড়ানুরাগী হিসেবে পরিচিত অলিউর রহমান বাবলু। ইতিবাচক কর্মকাণ্ডের কারণে এলাকায় বেশ প্রশংসিত তিনি।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে