সিলেটে চলমান নারী এশিয়া কাপে দ্বিতীয় জয় তুলে নিয়েছে থাইল্যান্ড। আগের দিন পাকিস্তানকে হারানোর পর শুক্রবার সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে থাই মেয়েরা। লো-স্কোরিং ম্যাচে ১৯ রানের সেই জয়ে সেমি ফাইনালের আশা এখনও বাঁচিয়ে রেখেছে থাইল্যান্ড।
লাক্কাতুরাস্থ নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০৮ রান সংগ্রহ করতে পারে থাইল্যান্ড।
দলের পক্ষে অধিনায়ক নেরুমল চাওয়াই সর্বোচ্চ ৫২ বলে ১ বাউন্ডারিতে ৩৭ রান করেন। ৩১ বলে ১টি করে বাউন্ডারি ও ছক্কায় ২৫ রান করেন স্বর্নারিন তিপচ। তবে শেষের দিকে থাইল্যান্ডের রান বাড়াতে সহায়তা করেন রোসেনান কানোহ। ৮ বলে ২ ছক্কায় ১৯ রানের ক্যামিও খেলে দলের রান সেঞ্চুরি পার করেন তিনি।
আমিরাতের হয়ে অধিনায়ক ছায়া মুঘল, মাহিকা গৌর ও খুশি শর্মা ১টি করে উইকেট লাভ করেন।
১০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আমিরাতের ইনিংসও ধীর গতিতে চলতে থাকে। মাঝে আশা দেখা গেলেও, থাই মেয়েদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পেরে উঠেনি আমিরাত। মরুর দেশের কন্যারা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে থেমে যায় ৮৯ রানেই।
৪১ বলে ২ বাউন্ডারিতে সর্বোচ্চ ২৯ রান করেন ওপেনার কাভিশা এগোডেজ। অধিনায়ক ছায়ার ব্যাট থেকে আসে ১৯ বলে ১ বাউন্ডারিতে ১৭ রান।
থাইল্যান্ডের হয়ে তিপাচা পুতায়ং ৪ ওভারে ১২ রান খরচায় ২ উইকেট শিকার করেন। অনিচা কামচম্পু ৪ ওভারে ১৭ রান খরচায় ২ উইকেট নেন।
এই জয়ের পর থাইল্যান্ডের অবস্থান পয়েন্ট টেবিলে আছে ৫ নম্বরে। সমান ৪ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে আছে পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার থেকে। তবে শীর্ষ চার দলের এদিক সেদিক হলে, সম্ভাবনা আছে উপরের দিকে যাওয়ার এবং সেমি ফাইনালে খেলার।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১৩




