সিলেট জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১০ অক্টোবর) এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন- ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নীতি ও আদর্শের বলিষ্ঠ অনুসারী ছিলেন সুফিয়ানুল করিম চৌধুরী। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। একজন দক্ষ সংগঠক হিসেবে তিনি সিলেট জেলা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি-কে সুসংগঠিত ও গতিশীল করতে নিবেদিতপ্রাণ ছিলেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে তার সাহসী অংশগ্রহণ ছিল প্রশংসনীয়।’
শোকবার্তা বিএনপি মহাসচিব আরও বলেন- ‘সুফিয়ানুল করিম চৌধুরী মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এলাকার উন্নয়নে অবদানের জন্য তিনি এলাকাবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকসন্তপ্ত পরিবারের লোকজনকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’
উল্লেখ্য যে- চিকিৎসাধীন অবস্থা আজ সোমবার (১০ অক্টোবর) সকালে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুফিয়ানুল করিম চৌধুরী। মৃত্যুকালে দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগুহী রেখেছেন।
সিলেটভিউ২৪ডটকম/মুন্না




