সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে প্রার্থিতা ঘোষণাকারী প্রায় অর্ধেক প্রার্থীই ‘অযোগ্য’ বলে বিবেচিত হয়েছেন। তিন পদে ৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেও যাচাই-বাছাইয়ে ৪২ জনই ‘অযোগ্য’ বলে বিবেচিত হয়েছেন। নির্বাচনের মাঠে লড়াইয়ে ৫৫ জন ঠিকে আছেন।

 


সোমবার (১০ অক্টোবর) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ৪২ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। তবে, বাতিল হওয়া প্রার্থীরা আগামী ১১ থেকে ১৩ অক্টোবর প্রার্থিতা ফিরে পেতে আবেদন (আপিল) করতে পারবেন।

 

জানা যায়- বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে ৫ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে অবৈধ (বাতিল) ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থীরা হলেন- উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ’র সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মতিউর রহমান সুমন, বিএনপি নেতা যুক্তরাজ্য প্রবাসী সফিক উদ্দিন, বিএনপি নেতা সংগঠক সমছু মিয়া ও আওয়ামী লীগের একমাত্র বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি যুক্তরাজ্য প্রবাসী আকদ্দুছ আলী।

 

এদিকে- সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করলেও নির্বাচনে অংশগ্রহণ করতে যোগ্যতা অর্জন করতে পারেনি ৫ নারী কাউন্সিলর প্রার্থী। ফলে সংরক্ষিত ৩ ওয়ার্ডে ভোট যুদ্ধে ঠিকে আছেন ১০ নারী কাউন্সিলর প্রার্থী।

 

অপরদিকে- সাধারণ আসনের কাউন্সিলর পদে ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু মনোনয়নপত্র যাচাই-বাচাইকালে ৩২ জনেরই মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়! ফলে এ পদে নির্বাচনে ঠিকে আছেন ৩৯ জন প্রার্থী।

 

৪২ প্রার্থীর মনোনয়ন বাতিলের তথ্য নিশ্চিত করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমঙ্গীর হোসেন।

 

তিনি বলেন- ‘বিভিন্ন কারণে আমরা ৪২ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছি। তবে প্রার্থীরা চাহিলে এ ব্যাপারে আপিল করতে পারেন।’

 

তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর। ২ নভেম্বর ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ।


সিলেটভিউ২৪ডটকম/মুন্না