সিলেট জেলা পরিষদ নির্বাচন আজ। সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। একটানা চলবে বেলা ২টা পর্যন্ত। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে বলে জানা গেছে।
জেলা পরিষদ নির্বাচন মূলত অন্যান্য জনপ্রতিনিধি নির্বাচনের মতো নয়। বরঞ্চ বিভিন্ন উপজেলায় যেসব জনপ্রতিনিধি আছেন, তাদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ নির্বাচিত হন। তাই এই ভোট নিয়ে সাধারণ মানুষের খুব বেশি আগ্রহ নেই।
সিলেটে চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী ছিলেন আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন খান। তাকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সিলেটের ১৩টি সাধারণ ওয়ার্ড ও ৫টি সংরক্ষিত ওয়ার্ড মিলিয়ে সদস্য প্রার্থী আছেন ৬৪ জন। তন্মধ্যে সাধারণ ওয়ার্ডে ৪৭ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ১৭ জন।
এবার ইভিএম তথা ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে সিলেট জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্র রয়েছে প্রত্যেক ওয়ার্ডে একটি করে। এসব কেন্দ্রে নিরাপত্তায় আছে সাতজনের ফোর্স।
সিলে জেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তায় অস্ত্রসহ পুলিশের তিন জন, অস্ত্রসহ আনসারের দুজন ও অঙ্গীভূত আনসারের দুজন সদস্য দায়িত্ব পালন করছেন।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




