শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মকর্তাদের জন্য নির্মিত দৃষ্টিনন্দন টেনিস কোর্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্লাবের পাশে নির্মিত এ কোর্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।


উদ্বোধনকালে উপাচার্য বলেন- খেলাধুলা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে আমাদের শরীর মন সবসময় প্রফুল্ল থাকে। অনেক দিন ধরেই শিক্ষক কর্মকর্তার স্বপ্ন ছিল একটি টেনিস কোর্টের। অবশেষে তা সম্পন্ন করে উদ্বোধন করা হলো।



তিনি বলেন- যে মানের চেয়েছিলাম সেই মানের পাইনি। যেটা হয়ে গেছে হয়ে গেছে, যে ধরণের ভুল ত্রুটি এখানে হয়ে গেছে এটা যাতে সংশোধন করা যায় সেই চেষ্টা করতে হবে। এতে বাড়তি খরচ আমাদের লাগবে। জানা গেছে, কোর্টটির নির্মাণ ব্যয় ৫০ লাখ ১০ হাজার ৮৭২টাকা।


উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আমিনা পারভীন, বঙ্গবন্ধু গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল গণি, আইএমএলয়ের পরিচালক অধ্যাপক ড. আলমগীর তৈমুর, রসায়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শামসুল আলম, বিভিন্ন বিভাগের শিক্ষক ও দপ্তরের কর্মকর্তারা।  

 

সিলেটভিউ২৪ডটকম/নোমান/মুন্না-৫