‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে শিক্ষক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের সম্মিলিত শিক্ষকদের সমন্বয়ে র্যালি বের হয়। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির তাহিরপুর শাখার সভাপতি বাদাঘাট সরকারি কলেজের অধ্যক্ষ জুনাব আলীর নেতৃত্বে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রঙ্গনে এক আলোচনা সভায় মিলিত হন শিক্ষকরা।
উদযাপন কমিটির সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. মোদাচ্ছির আলম সুবল, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক কর্মচারী ফোরাম তাহিরপুর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম দানু, সহকারী শিক্ষক মোস্তাকিম আলী পীর, লোকমান হোসেন, আনোয়ার পুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজাদ হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমদ, তাহিরপুর হিফজুল উলুমের প্রিন্সিপাল মুহিবুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফনিভূষন সরকার, কলাগাঁও মাদ্রাসার সুপার আব্দুল মান্নান, দক্ষিণকুল এসি এসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুজ্জামান, আনোয়ার পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র দে সহ উপজেলার কলেজ, স্কুল, মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষিকাগণ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘শিক্ষকদের মর্যাদা এখন ক্ষুন্ন হচ্ছে। শিক্ষার্থী কর্তৃক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা প্রায়ই শোনা যাচ্ছে। পরিচালনা কমিটিতে দলীয় ও অল্পশিক্ষিত লোকদের স্হান দেওয়া হচ্ছে। শিক্ষকদের বেতন কাঠামো এবং সুযোগ-সুবিধা অন্যান্য যে কোনো ক্যাডারের চেয়ে কম। সংসার চালাতে শিক্ষকরা এখন হিমশিম খাচ্ছেন। এই অবস্থা হতে উত্তরণের জন্য শিক্ষকদেরই মুখ্য ভূমিকা পালন করতে হবে।’
সিলেটভিউ২৪ডটকম/এআরএস/পিডি




