শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী যন্ত্র প্রকৌশল উৎসব ‘মেকনোভেশন-২০২২’ শুরু হয়েছে। যন্ত্র প্রকৌশল বিভাগের আয়োজনে তৃতীয়বারের মত এ অনুষ্ঠান হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বেলুন উড়িয়ে ও কেক কেটে এবারের উৎসব উদ্বোধন করেন শাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন- ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম, যন্ত্র প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. মাহমুদ-অর-রশীদসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
এরআগে উৎসবটি উপলক্ষে বিভাগের পক্ষ থেকে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়।
শুক্রবার, শনিবার ও রবিবার এই তিন দিন উৎসবটি পালিত হবে।
অনুষ্ঠানের আয়োজক কমিটি জানায়- যন্ত্রকৌশল বিভাগের নিজস্ব উদ্যোগে প্রতিবছর এই উৎসবের আয়োজন করা হচ্ছে। শাবিতে ২০১৫ সালে যন্ত্রকৌশল বিভাগ চালু হলেও এরই মধ্যে জাতীয় পর্যায়ে দুটি মেকনোভেশন আয়োজন করেছে বিভাগটি। এবারের মেকনোভেশন উৎসবটি ‘প্রতিযোগিতামূলক এবং সাংস্কৃতিক’ এই দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
প্রতিযোগিতামূলক অংশটি আয়োজিত হবে রোবনিক্স, ডেপিকশন, মেকানিক্স অলিম্পিয়াড, কিউব মেনিয়া ও আইডিয়েট এই ৫টি আলাদা বিভাগে। এছাড়া সাংস্কৃতিক সন্ধ্যায় থাকবে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনা। পুরষ্কার হিসেবে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে আর্থিক ও বিশেষ পুরষ্কার।
এছাড়া অনুষ্ঠানের শেষদিন যন্ত্র প্রকৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/মুন্না




