রাজধানী ঢাকার সঙ্গে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সড়কপথের দূরত্ব ৫৫ কিলোমিটার কমে আসছে। মূলত জেলার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ সেতু নির্মাণ শেষে উদ্বোধনের মধ্য দিয়ে এই দূরত্ব কমতে যাচ্ছে। আগামী ৭ নভেম্বর সেতুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্টরা জানান, সেতুটি নির্মাণে ১৫৫ কোটি টাকা ব্যয় হয়েছে। উদ্বোধনের পর এ সেতু দিয়ে সুনামগঞ্জ থেকে সরাসরি হবিগঞ্জ হয়ে ঢাকায় যাওয়া যাবে। এজন্য আর সিলেটে আসার প্রয়োজন হবে না।


জানা গেছে, কুশিয়ারা নদীর ওপর ২০১৭ সালে নির্মাণকাজ শুরু হয় সিলেট বিভাগের সবচেয়ে বড় রাণীগঞ্জ সেতুর। সম্প্রতি সেতুটির নির্মাণকাজ শেষ হয়।

এই সেতুর ফলে সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে। সেতুটির ফলে ঢাকায় যেতে প্রায় দুই ঘন্টার মতো সময় সাশ্রয় হবে। ফেরি পারাপারের ভোগান্তি আর থাকবে না। সহজেই পণ্য পরিবহন করা সম্ভব হবে।

এই সেতু দিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হচ্ছে সুনামগঞ্জের।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিক বলেন, আগামী ৭ নভেম্বর প্রধানমন্ত্রী সারা দেশের ১০০টি সেতু উদ্বোধন করবেন। এর মধ্যে রাণীগঞ্জ সেতুসহ সুনামগঞ্জের ১৭টি সেতু উদ্বোধন হবে। এতে সুনামগঞ্জের সঙ্গে ঢাকার দূরত্ব ৫৫ কিলোমিটার কমবে।

তবে রাণীগঞ্জ সেতু উদ্বোধন হলেও সেতুর পুরোপুরি সুফল এখনই পাওয়া যাবে না। কারণ, গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সুনামগঞ্জ থেকে রাণীগঞ্জ সড়কের দুটি বেইলি সেতু। সংকচিত হওয়ায় সেতু দুটি দূরপাল্লার যানবাহন চলাচলের অনুপযোগী।

এ বিষয়ে সওজ কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, সুনামগঞ্জ থেকে রাণীগঞ্জ সড়কে যে দুটি সরু বেইলি সেতু রয়েছে সেগুলো ভেঙে নির্মাণ করার জন্য প্রক্রিয়া চলমান আছে। যে কোনো দিন কার্যাদেশ আসতে পারে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে