অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা লীগ নেত্রী সুফিয়া খানম সাথী।
বিজয়ী তিন প্রার্থীই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং স্থানীয়ভাবে সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান’র বলয়ের লোক।
বুধবার (২ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ৮৯ টি ভোটকেন্দ্রে ইভিএম-এ ভোটগ্রহণ সম্পন্ন হয়। রাত দশটার কিছুক্ষণ পর বেসরকারি ফলাফল ঘোষণা করেন সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।
রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল অনুসারে জানা যায়- চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আকমল হোসেন নৌকা প্রতীকে ২৩ হাজার ৮শ’ ১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী সৈয়দ তালহা আলম খেজুর গাছ প্রতীকে ২০ হাজার ৮১ ভোট পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তাদীর আহমদ আনারস প্রতীকে ১৪ হাজার ১৬ ভোট পেয়েছেন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আতাউর রহমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৭শ’ ৭৯ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আব্বাস চৌধুরী লিটন ঘোড়া প্রতীকে ১ হাজার ১শ’ ৯৫ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন মাইক প্রতীকে ২১ হাজার ৯শ’ ২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র তালা প্রতিকে পেয়েছেন ১৯ হাজার ২শ’ ৫৫ ভোট, টিউবওয়েল প্রতিকে সৈয়দ তুহেল আহমদ ১৩ হাজার ৬শ ৩৬ ভোট, সালেহ আহমদ চশমা প্রতীকে ৯ হাজার ৯শ’ ৫৩ ও আব্দুল মতিন লাকি টিয়াপাখি প্রতীকে ৫ হাজার ১শ’ ৩৯ ভোট পেয়েছেন।
সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খানম সাথী ফুটবল প্রতীকে ২৮ হাজার ৮শ’ ৫৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিনা বেগম কলস প্রতীকে ভোট পেয়েছেন ২৬ হাজার ৪শ ৬৯ ভোট এবং সেলিনা বেগম হাঁস প্রতীকে ভোট পেয়েছেন ১৪ হাজার ৫শ’ ৩০টি।
সিলেটভিউ২৪ডটকম/মুন্না-০৩




