অপেক্ষায় কোটি কোটি ক্রিকেটপ্রেমী। কয়েক ঘণ্টা বাদেই শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট পাকিস্তান এবং ইংল্যান্ড। কিন্তু প্রশ্ন হলো, আদৌ দুদল মাঠে নামতে পারবে কি? একক শিরোপা কি উঠবে বাবর আজম কিংবা জস বাটলারদের হাতে? নাকি ভাগাভাগি করতে হবে ট্রফি?
এত প্রশ্নের পেছনে একটাই কারণ, বৃষ্টি। রবিবার বাংলাদেশ সময় ২টা থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হওয়ার কথা পাকিস্তান-ইংল্যান্ড ফাইনাল ম্যাচ। কিন্তু ফাইনালকে সামনে রেখে কয়েকদিন আগেই দুঃসংবাদ শুনিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর। জানিয়েছে, রবিবার মেলবোর্নে বৃষ্টি হওয়ার সম্ভাবণা ১০০ শতাংশ।
তাও যেই সেই বৃষ্টি নয়, শহরটিতে একেবারে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হওয়ার কথা জানানো হয়েছে। রবিবার সারাদিনই বৃষ্টির সম্ভাবনা। ৮ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে নাকি বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার।
কাজেই পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচটি যে বৃষ্টিতে ভেসে যেতে চলেছে, সেই সম্ভাবণা শতভাগ। কী হবে, যদি আবহাওয়া দপ্তরের কথাই সত্যি হয়? জানা গেছে, ফাইনালের আগে খেলার নিয়মে কিছুটা বদল এনেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা- আইসিসি। খেলার সময় বাড়ানো হয়েছে।
অর্থাৎ, আগে খেলা শেষ করার জন্য যতটা সময় থাকত তার থেকে বেশি সময় থাকবে পাকিস্তান-ইংল্যান্ড ফাইনালে। আগে একটি টি-টোয়েন্টি ম্যাচ শেষ করার জন্য মোট ৫ ঘণ্টা ১০ মিনিট সময় থাকত। রবিবার ফাইনাল ম্যাচের জন্য অতিরিক্ত ২ ঘণ্টা সময় বেশি রাখা হয়েছে। অর্থাৎ, ৭ ঘণ্টা ১০ মিনিট সময় থাকবে খেলা শেষ করার জন্য।
রবিবার মেলবোর্নে খেলা শুরুর জন্য নির্ধারিত ৩০ মিনিট আগে অর্থাৎ, দুপুর দেড়টায় টস করবেন দুই দলের দুই অধিনায়ক জস বাটলার এবং বাবর আজম। কিন্তু যদি বৃষ্টি হয়, তাহলে টস পিছিয়ে যাবে। টসের পরে বৃষ্টি শুরু হলে স্বাভাবিকভাবেই খেলা শুরু হতেও দেরি হবে। সেক্ষেত্রে ফলাফলের জন্য অন্তত ১০ ওভার করে খেলতেই হবে দুই দলকে।
সাধারণত টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৫ ওভার করে দুই দলকে ব্যাট করতেই হয় ফলাফলের জন্য। বিশ্বকাপের জন্য তা করা হয়েছে ১০ ওভার।
রবিবার বৃষ্টির জন্য ফাইনাল না হলে খেলা হবে সোমবার। সেমিফাইনাল এবং ফাইনালের জন্য আগেই অতিরিক্ত দিন হাতে রেখে দিয়েছে আইসিসি। রবিবার যদি কিছুটাও খেলা হয়, সোমবার তারপর থেকে বাকি খেলা হবে। অর্থাৎ, নতুন করে আর খেলা শুরু হবে না। যেখানে থামবে, সেখান থেকেই পরের দিন খেলা শুরু হবে।
তবে অস্ট্রেলিয়ার আবহাওয়াবিদরা জানিয়েছেন, মেলবোর্নে সোমবারের আকাশেও থাকবে কালো মেঘের দাপট। এদিন বৃষ্টির সম্ভাবনা ৯৫ শতাংশ। ৫ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সকাল এবং দুপুরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। বিকালের পর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ বেড়ে হতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত।
একদিকে দারুণ একটি ফাইনাল দেখার অপেক্ষায় কোটি কোটি ক্রিকেটপ্রেমী, অন্যদিকে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। বৃষ্টির জন্য ফাইনাল খেলা সম্ভব না হলে, আইসিসির নিয়ম অনুযায়ী দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। একক ভাবে চ্যাম্পিয়ন হওয়া হবে না বাবর আজম বা জস বাটলারদের। ফলে ফাইনালে উঠেও জয় অধরা থেকে যাবে দুই দলের।
এবারের বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল। অন্যদিকে, ভারতকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে বাবর আজমদের প্রতিপক্ষ হয়েছে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এই প্রথম একে-অপরের মুখোমুখি হতে চলেছে দুই দল।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০১




