বাংলাদেশ থেকে হজে গমনেচ্ছু যাত্রীদের ইমিগ্রেশনের সব কাজ ঢাকা থেকেই সম্পন্ন করা যাবে। রুট-টু-মক্কা সার্ভিস এগ্রিমেন্টের আওতায় প্রথম কোনো দেশ হিসেবে বাংলাদেশ থেকে হজে গমনেচ্ছুরা এই সুবিধা পেতে যাচ্ছেন।
বাংলাদেশ সফর করছেন সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে শনিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাক্ষাত করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী রুট-টু-মক্কা সার্ভিস এগ্রিমেন্টের আওতায় বাংলাদেশ থেকে হজযাত্রীদের ইমিগ্রেশন সংক্রান্ত সব প্রক্রিয়া ঢাকা থেকেই সম্পন্ন করতে পারবেন বলে অবহিত করেন।
দুদেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বিবেচনা করে সৌদি আরব সরকার প্রথম দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে এই রুট-টু-মক্কা সার্ভিস চুক্তি করতে যাচ্ছে বলে বৈঠকে জানানো হয়।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে সম্পর্ক জোরদারে সৌহার্দ্যপূর্ণ সহযোগিতার জন্য সৌদি আরবের বাদশাহ, যুবরাজ প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান আল সৌদকে বাংলাদেশ সরকার ও জনগণ বাংলাদেশে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। এছাড়া তিনি ঢাকা সফরের জন্য সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদও জানান।
সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ভূয়সী প্রশংসা করেন। দুদেশের অভিন্ন পারস্পরিক স্বার্থে ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতার জন্য তার দেশের আগ্রহের বিষয়েও পররাষ্ট্রমন্ত্রী মোমেনকেকে অবহিত করেন সৌদি উপমন্ত্রী।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১৩




