গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) নির্দেশনা অনুযায়ী রাজনৈতিক দলের সব পর্যায়ে ২০২৫ সালের মধ্যে ন্যূনতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবে ইউনিয়ন পরিষদের অপরাজিতা নেটওয়ার্ক এবং নারী উন্নয়ন ফোরাম সংগঠন এই সংবাদ সম্মেলন করে।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন রাজনগর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মুক্তি চক্রবর্তী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীন রহমান। এছাড়াও মতামত ব্যক্ত করেন, ইউপি সদস্য রাবেয়া আক্তার, খুশবা বেগম, রওশন আরা রেফা, হোসনে আরা সুইটি, জহুরা আক্তার প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুচ্ছেদে ৯০ (খ) তে বলা হয় রাজনৈতিক দলগুলির কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব ২০২০ সালের মধ্যে নিশ্চিত করতে হবে। কিন্তু ২০২২ সাল অতিক্রম হয়ে যাচ্ছে কিন্তু আইনটি আলোর মুখ দেখছে না। এখন পর্যন্ত দু-একটি দল ছাড়া কোন দলই ২০ শতাংশের বেশী নারী নেতৃত্ব নিশ্চিত করতে পারেনি।
এদিকে ইতিমধ্যে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলো থেকে মতামত নিয়ে আইন সংশোধন করে ২০৩০ সাল করার প্রস্তাব অনুমোদন দিয়ে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আইনটি কয়েকদফা চালাচালির পর এখন চূড়ান্ত পর্যালোচনার পর্যায়ে রয়েছে।
এ অবস্থায় ইউনিয়ন পরিষদের অপরাজিতা নেটওয়ার্ক এবং নারী উন্নয়ন ফোরাম সংগঠন তাদের দাবী দাওয়া নিয়ে আজ দেশের ১৬টি ইউনিয়নে একযোগে এই সাংবাদিক সম্মেলন করছে।
২০২৫ সালের মধ্যে সকল রাজনৈতিক দলগুলো নারীদের প্রতিনিধিত্ব ৩৩ শতাংশ নিশ্চিত করা না হলে আরো বৃহত্তর আন্দোলন করা হবে সাংবাদিক সম্মেলনে জানানো হয়।
সিলেটভিউ২৪ডটকম/তমাল/আরআই-কে




