নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে আজ শনিবার (১৯ নভেম্বর) সিলেটে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

এ সমাবেশ উপলক্ষ্যে ইতোমধ্যে সিলেটে এসে পৌঁছেছেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শুক্রবার রাতে সিলেটে এসে পৌঁছেছেন। রাত সাড়ে ৯টায় তিনি বিমানযোগে সিলেট আসেন।


সিলেটে পৌঁছে মির্জা ফখরুল হযরত শাহপরাণ রাহ. এবং পরে হযরত শাহাজালাল রাহ.-এর মাজার জিয়ারত করেন। 

শাহজালাল মাজার জিয়ারত শেষে সাংবাদিকের সামনে তিনি বলেন, এই সরকার ১৪/১৫ বছরের অবৈধ শাসনের মাধ্যমে রাজনৈতক কাঠামোকে বিনষ্ট করেছে। অর্থনীতিকেও করেছে ধ্বংস। সাধারণ মানুষকে বিপদগ্রস্ত করেছে। মানুষের জীবনযাপনই এখন দুঃসহ হয়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অসহনীয় হয়ে উঠেছে।

মির্জা ফখরুল আরও বলেন, এ সরকার রিজার্ভ নিয়ে সমস্যা তৈরি হয়েছে। ব্যাংকিং সেক্টর ধ্বংস করে দিয়েছে। সামগ্রিক অর্থে দেশে এখন একটা দুঃসময় চলছে। এজন্য দায়ী এই অনির্বাচিত ও অবৈধ সরকার। এ কারণেই আমরা আন্দোলন গড়ে তুলেছি।

বিএনপি মহাসচিব বলেন, সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। তাই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনই এদেশের মানুষের এখন একমাত্র দাবি। দেশের মানুষ পরিবর্তন চায়। 

তিনি আরও বলেন, সরকার দেশের জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া মিথ্যা মামলায় সাজা দিয়ে চার বছর ধরে আটক করে রেখেছে। তারেক জিয়াকে তারা সাজা দিয়েছে। ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। তারপরও তারা ক্ষান্ত হয়নি। তারা জনগণের এই শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিচ্ছে। জনগণকে জিম্মি করে রেখেছে। আমাদের বিপন্ন করার চেষ্টা করছে। পুলিশ দিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে হামলা করছে। তারপরও মানুষ দমে যাচ্ছ না। আপনারা দেখেছেন, এখানে মাদরাসা মাঠে সমাবেশের আগেই হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন।

ফখরুল বলেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে কোনো নির্যাতন, কোনো ফ্যাসিবাদ টিকে থাকবে না। জনগণের বিজয় অবশ্যই হবে।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম