ফাইল ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে ১০দিন ধরে অনশনকারী প্রেমিকা (২০) কে আদালতের নির্দেশে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এদিকে প্রেমিক শুয়াইবুর রহমান সামুর (২২) পরিবারের সদস্যরা নিজের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার সময় এলাকাবাসী তার এক স্বজনকে আটক করে পুলিশে দেয়। গত সোমবার দিবাগত রাতে উপজেলার পূর্ব বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।  

সামু ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পদে কর্মরত।
 
জানা গেছে, দীর্ঘ চার বছর ধরে প্রেমের সম্পর্ক তাদের। এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত ১০ নভেম্বর সামু তার প্রেমিকাকে বাড়িতে নিয়ে যান। এরপর তিনি বাড়ি থেকে উধাও হন। এ পরিস্থিতিতে গত ১০দিন ধরে প্রেমিকা তার বাড়িতে বিয়ের দাবি নিয়ে অবস্থান নেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার সেখানে গিয়ে সামুর বাবা রফিকুল ইসলামকে দ্রুত বিয়ে সম্পন্ন করার পরামর্শ দেন।  


এক পর্যায় গত রবিবার প্রেমিক সামুর বাবা রফিকুল ইসলাম গাইবান্ধা আদালতে মামলা করেন। আদালতের বিচারক অনশনরত প্রেমিকাকে উদ্ধার করার জন্য পুলিশকে নির্দেশ দেন। পুলিশ সোমবার রাতে প্রেমিকাকে উদ্ধার করে মঙ্গলবার (২২ নভেম্বর) জেলহাজতে পাঠায়।  

এলাকাবাসীর অভিযোগ, সোমবার রাতে প্রেমিক সামুর বাবা রফিকুল ইসলাম পরিস্থিতি ঘোলাটে করতে ষড়যন্ত্রমুলক মামলা করার কৌশল হিসেবে তার নিজ ঘরে আগুন লাগিয়ে দেন। এলাকাবাসী বিষয়টি দেখতে পেয়ে রফিকুল ইসলামের নিকট আত্মীয় মাইদুল ইসলামকে আটক করে পুলিশে দেয়। এ সময় রফিকুল পালিয়ে যান।  

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, মেয়েটি আত্মহত্যার হুমকি দিয়েছে বলে ছেলের বাবা মামলা করেন।  আদালতের আদেশে প্রেমিকাকে উদ্ধার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-০৩


সূত্র : কালের কণ্ঠ