সুনামগঞ্জের জগন্নাথপুরে অজু করতে গিয়ে পানিতে ডুবে সুজন মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার সন্ধ্যায় উপজেলার মক্রমপুর গ্রামের শাহবাড়ী পাঞ্জেগানা মসজিদে এ ঘটনাটি ঘটে।
সুজন মিয়া সিলেট শাহপরাণ থানার দেওয়ানের চক এলাকার পাখি মিয়ার ছেলে।
সোমবার দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত রবিবার সন্ধ্যায় উপজেলার মক্রমপুর গ্রামের শাহবাড়ী পাঞ্জেগানা মসজিদের পুকুরে অজু করতে গিয়ে পানিতে ডুবে মারা যান সুজন মিয়া। তিনি গত ২০ দিন আগে মক্রমপুর গ্রামে তাঁর নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন। পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।
পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সুজন মৃগীরোগী ছিলেন। এ রোগের কারণে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মরদেহ সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/এসএইচএস/এসডি-২১




