মৌলভীবাজারের কমলগঞ্জ ও রাজনগর উপজেলার ১০০টি প্রাথমিক বিদ্যালয় এবং রুম টু রিড বাংলাদেশের কার্যক্রম সম্প্রসারণ উপলক্ষে কুলাউড়ায় এক সমঝোতা চুক্তি স্বাক্ষর বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 


বুধবার (৭ ডিসেম্বর) উপজেলা পরিষদে অবস্থিত জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান।

 

বিশেষ অতিথি ছিলেন- সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী।

 

রুম টু রিড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাখী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রুম টু রিড বাংলাদেশের প্রোগ্রাম অপারেশনস ডিরেক্টর বদরুজ্জামান খান বাদল।

 

সভায় রুম টু রিড বাংলাদেশের মৌলভীবাজার জেলায় কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরেন রুম টু রিড বাংলাদেশের মৌলভীবাজার অফিসের ম্যানেজার মো. আব্দুল্লাহ আল মামুন।

 

লিটারেসি প্রোগ্রাম অফিসার আব্দুল কাদিরের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- কুলাউড়া, জুড়ী, কমলগঞ্জ এবং রাজনগর উপজেলার শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর, সহকারী ইন্সট্রাক্টর, নির্বাচিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে মো. শামসুর রহমান বলেন, কোভিড-১৯ পরবর্তী সময়ে রুম টু রিডের এ কার্যক্রম প্রাথমিক শিক্ষাকে গতিশীল করতে অবদান রাখছে। বিদ্যালয় পর্যায়ে কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে দেখেছি শিক্ষার্থীরা রুম টু রিডের সহযোগিতায় পরিচালিত শ্রেণিকক্ষ পাঠাগার স্বাচ্ছন্দে ব্যবহার করছে- যা শিক্ষার্থীদের মধ্যে পড়ার অভ্যাস তৈরিতে সহায়তা করছে। এ ছাড়া তিনি মৌলভীবাজার জেলায় এ কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্বক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সভায় প্রাথমিক স্তরের শিশুদের বাংলা ভাষা শিক্ষার মানোন্নয়নসহ শিক্ষার্থীদের পড়ার দক্ষতা, পাঠ্যাভাস ও বিদ্যালয়ের শিখন পরিবেশ উন্নয়নের লক্ষে স্বাক্ষরতা কর্মসূচির আওতায় ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটি শ্রেণিকক্ষে পাঠাগার স্থাপন, স্তরভিত্তিক শিক্ষাসহায়ক উপকরণ প্রদান এবং প্রয়োজনীয় শিক্ষক প্রশিক্ষণ প্রদান করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

 

জানা যায়, রুম টু রিড একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা- যা সরকার ঘোষিত প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে রুম টু রিড অঙ্গীকারাবদ্ধ। এ সংস্থাটি ২০০৯ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, নাটোর, ঢাকা, কক্সবাজার এবং মৌলভীবাজার জেলার নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এখন পর্যন্ত মৌলভীবাজার জেলার জুড়ী ও কুলাউড়া উপজেলায় ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

 


সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-২৩