বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবিপ্রধান হারুন অর রশীদ। আজ শুক্রবার সকালে এ তথ্য জানান তিনি।
তিনি জানান, ডিবি কার্যালয়ে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ৩টা ২০ মিনিটের দিকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গোয়েন্দা পুলিশ আটক করে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানান।
এরই মধ্যে আজ ভোরে আটক নিয়ে বিস্তারিত কথা বলেন মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম। তিনি বলেন, ‘ডিবি পুলিশের চার সদস্য বাসার ওপরে এসেছিলেন এবং বাকি চারজন নিচে ছিলেন। সম্প্রতি তার (মির্জা ফখরুলের) নামে দুটি মামলা হয়েছে। তাই কোর্টের নির্দেশেই তাকে নেওয়া হচ্ছে বলে জানান গোয়েন্দা পুলিশের সদস্যরা। তারা আমাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেননি।’
তিনি আরও জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে মির্জা ফখরুলের বাড়ির আশপাশে টহল দেয় ডিবি। পরে দিবাগত রাত ৩টার দিকে তারা বাসায় আসে। তাকে (মির্জা ফখরুল) আটকের পর ৩টা ২০ মিনিটের দিকে তারা চলে যায়। এর কিছুক্ষণ পর অপর এক ডিবি পুলিশ সদস্য মির্জা ফখরুলের ওষুধ নিতে আসেন বলেন জানান রাহাত আরা বেগম।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




