বিএনপির শীর্ষ নেতাদের গভীর রাতে আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁদের মুক্তি দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফিনল্যান্ড শাখা। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকারের বেআইনি আদেশ পালন না করার পাশাপাশি সহনশীল ভূমিকা পালনের আহ্বান জানায় তারা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানো, সারা দেশে গণগ্রেপ্তার ও বিরোধী দলকে দমনে ‘পুলিশের হামলা-গুলি-হত্যাকে সরকারের ফ্যাসিস্ট শাসনেরই’ অংশ বলে মনে করে ফিনল্যান্ড বিএনপি।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলের নেতারা আরো বলেন, বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা সৃষ্টি করতে সরকার পুলিশ দিয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও তিন শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এখানেই শেষ নয়, চলছে গণগ্রেপ্তার ও গায়েবি মামলা। সরকার পুলিশ, ছাত্রলীগ-যুবলীগসহ দলীয় শক্তিকে সন্ত্রাসী কায়দায় কাজে লাগিয়ে এক ভয়াবহ ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে, যা অত্যন্ত উদ্বেগের এবং সমাজ ও রাষ্ট্রের জন্য অশনিসংকেত।
গ্রেপ্তার করা বিএনপির নেতা-কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, গণগ্রেপ্তার বন্ধ করা, সভা-সমাবেশসহ গণতান্ত্রিক আন্দোলনে দমন-পীড়ন বন্ধের আহ্বান জানিয়েছেন ফিনল্যান্ড বিএনপি নেতৃবৃন্দ।
সংবাদমাধ্যমে পাঠানো এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন, ফিনল্যান্ড বিএনপির নেতা জামান সরকার, মবিন মোহাম্মদ, রুবেল ভূঁইয়া, মোকলেসুর রহমান চপল, বদরুম মনির ফেরদৌস, সামসুল গাজী, মিজানুর রহমান মিঠু, প্রদীপ কুমার সাহা, আলাউদ্দিন আহমেদ, সাহিন মোহাম্মদ, আবুল কালাম আজাদ, সাজ্জাদ মুন্না, তাপস খান, মীর সেলিম, সবুজ খান, মনিরুল ইসলাম, আরিফুজ্জামান বাবু, জুয়েল প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/মনির/ইআ-০৮




