বাহরাইনের যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় দেশটির রাজধানী মানামা বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলাম দূতাবাসের সকল কর্মকর্তা ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। দিবসটি উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতালয় প্রধান মো. মহিউদ্দিন কায়েছ, দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান, প্রথম সচিব মো.ইলিয়াছুর রহমান এবং থার্ড সেক্রেটারি মো. তাছির উদ্দিন।
পরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলাম গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদদের।
রাষ্ট্রদূত বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সেদিন সারাদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। জাতির জনকের নেতৃত্বে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও ২ লাখ মা বোনের সম্ভ্রবহানির বিনিময়ে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছিল আমাদের মহান স্বাধীনতা।
সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারবর্গ ও মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/আশফাক/এসডি-০৩




