আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. মোমেন। ইনসেটে মেসিদের বিশ্বজয়।

রোমাঞ্চকর ও উত্তেজনার ফাইনালে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ।

শ্বাসরুদ্ধকর ওই খেলায় জয়ের পর বাংলাদেশজুড়ে মেসি ভক্তদের বাঁধভাঙা উল্লাস ছিল রাতের বড় অংশে। সমর্থকদের মধ্যে এর রেশ ছিল দিনের বেলাতেও।


অগুণিত সমর্থকদের এমন অফুরন্ত উচ্ছ্বাসের মধ্যে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো এবং আর্জেন্টিনা প্রজাতন্ত্রের জনগণকে অভিনন্দন জানিয়েছ বিশেষ চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

ফিফা বিশ্বকাপ-২০২২ জয়ে বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন তিনি।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে পাঠানো চিঠিতে মোমেন বলেন, ‘ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা দলের জয়ের পর বাংলাদেশের মানুষ যে স্বতঃস্ফূর্ত আনন্দ করেছে তা দেখলে আপনি অভিভূত হবেন।’

‘আমি বিশ্বাস করি, ভৌগোলিক অবস্থানের দূরত্ব সত্ত্বেও ফুটবলের প্রতি ভালোবাসার কারণে বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের হৃদয় সম্প্রীতিতে একীভূত।’

দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক এবং বন্ধুত্ব আরও গভীর করার ক্ষেত্রে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে ড. মোমেন বলেন, ‘পারস্পরিক অগ্রাধিকারের ভিত্তিতে অব্যাহতভাবে কাজ করাসহ উভয় দেশে নিজেদের দূতাবাস খোলার লক্ষ্যেও ঘনিষ্ঠভাবে আমরা কাজ করে যাব।’

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে